নেট রান রেটের সহজ হিসাব
ক্রিকেটের কোনো এক টুর্নামেন্ট। হতে পারে বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ অথবা ত্রিদেশীয় প্রতিযোগিতা। সেখানে দেখা গেল একাধিক দলের পয়েন্ট সমান। তাহলে? কে এগিয়ে, কে পিছিয়ে? খুব চিন্তায় পড়ে গেলেন আপনি? না, এতো ভাবনার কিছু নেই। প্লেয়িং কন্ডিশন সাপেক্ষে বেশিরভাগ সময় এটা নির্ধারিত হয় নেট রান রেটের ভিত্তিতে। ব্যাপারটা অঙ্কের খেলা। তাই জটিল ও গোলমেলে ভাবতে পারেন অনেকে। কিন্তু না, খুব সহজেই আপনি মোবাইলের ক্যালকুলেটর চেপে এই নেট রান রেটের হিসাব করে ফেলতে পারবেন।
কীভাবে?
আচ্ছা, রান রেট কিভাবে হিসেব করতে হয়, তা বোধহয় আমরা সবাই কমবেশি জানি। তবুও এখানে একটু বলে নেয়া ভালো। কারণ নেট রান রেট বুঝতে হলে আগে রান রেট বোঝাটা জরুরি। রান রেট হল একটি দল ওভারপ্রতি কত রান করল, সেটি। এখানে কত উইকেট হারাল, তা হিসাবযোগ্য না। ধরুন, ২০ ওভারে কোন দলের রান ১২০। তখন সেই দলের রান রেট ১২০÷২০ = ৬। অর্থাৎ মোট রানকে মোট ওভার দিয়ে ভাগ দিলেই রান রেট বের হয়ে আসবে।
এবার আসি নেট রান রেটের হিসাবে। এটি বের করাও খুব জটিল নয়। বাড়তি বলতে, আপনাকে দুই-একটি যোগ-বিয়োগ করতে হবে। চলুন উদাহরণ দিয়ে বিষয়টি বুঝি। ধরা যাক, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ ২০ ওভারে তুলল ১৬০ রান। তাহলে এই ম্যাচে বাংলাদেশের রান রেট হল ১৬০÷২০ = ৮। জবাবে ভারত করল ১৫০ রান; ২০ ওভারেই। তখন ভারতের রান রেট হল ১৫০÷২০ = ৭.৫। এবার আপনি এক দলের রান রেট থেকে আরেক দলের রান রেট বাদ দিলেই পেয়ে যাবেন ওই ম্যাচে নির্দিষ্ট দলের নেট রান নেট। এক্ষেত্রে বাংলাদেশের নেট রান রেট (৮ - ৭.৫) = +০.৫। ভারতের নেট রান রেট (৭.৫ - ৮) = -০.৫।
এই নেট রান রেটের হিসাবে একটি বিষয় গুরুত্বপূর্ণ। কোনো দল যদি অলআউট হয়ে যায়, তখন কত ওভারে তাঁরা অলআউট হল, সে সংখ্যক ওভার দিয়ে রানকে ভাগ করা হবে না। বরং সেই ইনিংসে মোট যত ওভারের খেলা, তত দিয়ে রানকে ভাগ করতে হবে। অর্থাৎ, ৫০ ওভারের খেলায় কোন দল যদি ২৫ ওভারেই ১২০ রান করে অলআউট হয়ে যায়; তখন নেট রান রেট বের করতে এই ১২০ রানকে ৫০ ওভার দিয়েই ভাগ করতে হবে। ২৫ ওভার দিয়ে নয়।
এক কথায় বললে, একটি দলের রান রেট থেকে প্রতিপক্ষের রান রেট বিয়োগ করলেই ওই দলের নেট রান রেট পাওয়া যায়। আর অলআউট হয়ে গেলে ওভারের পূর্ণাঙ্গ কোটা দিয়ে রানকে ভাগ করতে হয়।
*নোট:
একটি ওভার যদি সম্পূর্ণ না হয়, তখন ভগ্নাংশের হিসাব হয় এই ভাবে-
১ বল হলে = ০.১৭
২ বল হলে = ০.৩৩
৩ বল হলে = ০.৫০
৪ বল হলে = ০.৬৭
৫ বল হলে = ০.৮৩
অর্থাৎ একটি দল ১৮.৫ ওভারে ৯ উইকেটে ১৪২ রান তুললে রান রেট হবে ১৪২÷১৮.৮৩ = ৭.৫৪।


No comments